
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক রিক্সাচালক দম্পতির ঘরে ৩ নবজাতকের জন্ম হয়েছে। মা ও শিশুরা সুস্থ্য থাকলেও ৩ সন্তানের খাবার সংকটে পড়ছেন ওই দম্পতি। জানা গেছে, ৫ বছর পূর্বে রাজিয়া সুলতানার সাথে উত্তর সিঙ্গেরগাড়ী পাঠানপাড়া এলাকার হযরত আলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। দীর্ঘ ৫ বছরেও ওই দম্পতির ঘরে সন্তান না আসায় হতাশায় ভুগছিল তারা। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার তিথির চিকিৎসা নিয়ে অন্তঃসত্ত্বা হয় রাজিয়া সুলতানা। চিকিৎসা চলাকালীন সময় আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে চিকিৎসক জানান রাজিয়া সুলতানার গর্ভে ৩ সন্তান আছে। এমন সংবাদে ওই পরিবারে আনন্দ শুরু হয়। কিন্তু সেই আনন্দ যেন এখন চিন্তার রাজ্য হয়ে দাঁড়িয়েছে। গত ২১ জুলাই রংপুর নবজাতক প্রযুক্তি মা ও শিশু হাসপাতালে সিজারের মাধ্যমে ৩ নবজাতকের জন্ম হয়। রিক্সচালক হযরত আলীর ১ ছেলে ও ২ মেয়ের চিকিৎসা, খাবার ভরণপোষণের দায়িত্ব নেওয়া খুব কষ্ট হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারি সহায়তা না পেলে হয়ত ৩ শিশুর বেঁচে থাকা শুধু স্বপ্নই হয়ে থাকবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি বলেন, ওই পরিবারের মাঝে শুকনা খাবার দেওয়া হয়েছে।