ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যকে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত জুবায়ের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। গত বুধবার রাতে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। নিহত জুবায়ের ক্যাম্প-৮ ওয়েস্টের মেইন ব্লক-সি, এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে। ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন জানান, জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ১৪ এপিবিএনের অধিনায়ক আরও বলেন, প্রাথমিকভাবে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত