
ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের হাতে শামেলা আক্তার (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত ছেলে রাহিম শেখ (৩২) পালিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ আব্দুর রহমান মোল্লার ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামেলা আক্তার ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রাহিম শেখ নেশার টাকার জন্য প্রায়ই তার মা ও ভাইবোনদের মারধর করতেন। ঘটনার দিনও টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে তিনি মায়ের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। প্রতিবেশী এক নারী দোতলার ছাদ থেকে বাড়ির উঠানে শামেলা আক্তারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, প্রায় ১০ বছর আগে রাহিম শেখ তার সৎমাকেও কুপিয়ে হত্যা করেছিলেন। ওই মামলায় কয়েক বছর কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, অভিযুক্ত রাহিম শেখকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।