
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২ নম্বর পুটিজানা ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার কেশরগঞ্জ বাজারের সুইচগেট সংলগ্ন শাফি অ্যান্ড সাদ্দাম ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত এ শিবিরে সহস্রাধিক নারী-পুরুষ চোখের পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।
শিবিরে দায়িত্বরত চিকিৎসকরা জানান, যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন হয়েছে, তাদের ময়মনসিংহের ধোপাখোলা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও পরবর্তী চিকিৎসা সেবার দিকনির্দেশনাও দেওয়া হয়।
চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই জানান, অর্থাভাবে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না।
গ্রামীণ এলাকায় বিশেষায়িত চিকিৎসাসেবা সহজলভ্য না হওয়ায় এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই মানবিক উদ্যোগের আয়োজক ২ নম্বর পুটিজানা ইউনিয়নের সিঙ্গাপুরপ্রবাসী সমাজসেবক রাজিব হোসাইন সাদ্দাম খান।
তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।