
নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে একজনকে মাথায় ও পায়ে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। গতকাল রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) ও কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহতরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। স্থানীয় সংসদ সদস্য দুই পক্ষের বিরোধ মীমাংসাও করেছিলেন। এরপর আবারও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন এর বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় মাথায় ও পায়ে গুলি করে মোমেনকে আহত করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।