
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সিয়াম মৃধা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম স্থানীয় দিরাজতুল্লা মৃধা পাড়ার ব্যবসায়ী শিপন মৃধার ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দিরাজতুল্লা মৃধা পাড়ায় বাড়ির পাশেই বড় ভাইয়ের সঙ্গে খেলছিল সিয়াম। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে সে পাশের সালাম মৃধার পুকুরের দিকে চলে যায়। প্রতিবেশী ও স্থানীয় স্কুলশিক্ষক জহির রায়হান জানান, পুকুরটিতে গত দুই দিন ধরে একটি ফুটবল ভাসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাসমান ফুটবলটি আনতে গিয়ে সিয়াম পানিতে নেমে তলিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টার দিকে পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।