
রংপুর নগরীতে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে নগরের বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় মেসার্স সিটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার অকটেনে ৫০ থেকে ১৪০ মিলিলিটার পর্যন্ত কম দিচ্ছে। একইভাবে ডিজেল ও পেট্রোল সরবরাহেও পরিমাপে ঘাটতি পাওয়া যায়। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান। একই দিনে নগরের তাজিয ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আল মদিনা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। অভিযানে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মারুফা বেগম এবং পরিদর্শক আলমাস মিয়া ও নাসির উদ্দিন অংশ নেন।