
দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পূবালী ব্যাংক পিএলসি, ঈশ্বরগঞ্জ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক আবু জাফর মুহাম্মদ মাহমুদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিউন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মো. ফরহাদ হোসেন। সভায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে ডিজিটাল লেনদেনের সুবিধা, নিরাপত্তা, স্বচ্ছতা এবং বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও আধুনিক করবে। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেনে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।