
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন ১৩টি সাবজোনে বিদ্যুতের তীব্র লোডশেডিং চলছে।দিনরাত বারংবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রংপুর পল্লী বিদ্যুত সমিতি-১ প্রতিষ্ঠার পর সমিতির আওতায় সাধারন মানুষের দ্বারগোড়ায় বিদ্যুত সুবিধা পোঁছানোর লক্ষ্যে সমিতির সদর দপ্তর ছাড়াও পীরগঞ্জ,পীরগাছা,সাদুল্লাপুর,সুন্দরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ১৩টি সাব জোন স্থাপন করা হয়েছে। আর সমিতির প্রধান কার্যালয়সহ এ সব সাব জোন থেকে প্রায় সাড়ে ৬ লাখ গ্রাহকের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের চেষ্টা করা হচ্ছে । একাধিক বিদ্যুত গ্রাহকের মতে , কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এদিকে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে পূর্বে বিদ্যুৎ সরবরাহের ভারসাম্য রক্ষায় সম্ভাব্য লোড শেডিংয়ের সময়সূচি প্রকাশের কথা জানানোর কথা থাকলেও তা জানানো হয়নি।