
ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এক অনাকাঙ্ক্ষিত মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজনের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান নেংড়ির হাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে পথচারী আবুল হোসেন (৪৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)। নিহত অর্ণব মোটরসাইকেলের আরোহী ছিল। এ ঘটনায় মোটরসাইকেল চালক ঠাকুরগাঁও সদর উপজেলার চামেশ্বরী এলাকার নুর আলমের ছেলে নিরব ইসলাম (১৬) গুরুতর আহত হয়েছে। নিহত অর্ণব ও আহত নিরব সম্পর্কে একে অপরের মামাতো-ফুফাতো ভাই। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিরব ইসলাম তার মামাতো ভাই অর্ণবকে সঙ্গে নিয়ে একটি ১৫০ সিসির পালসার মোটরসাইকেল চালিয়ে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নেংড়ির হাট এলাকায় স্থানীয় বাসিন্দা আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় অতিরিক্ত গতির মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। ধাক্কার চোটে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অর্ণব মারা যায়। আর গুরুতর আহত পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চালক নিরবকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লিখন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মোটরসাইকেলের অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।