
রংপুরের পীরগঞ্জে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি দাখিল মাদ্রাসা ও দুটি উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশে। গতকাল সোমবার মাদ্রাসা শিক্ষা বোর্ড ও দিনাজপুর শিক্ষা বোর্ডের দাখিল ও এসএসসি’র ফলাফলে পীরগঞ্জের ১০টি দাখিল মাদ্রাসা ও ২টি উচ্চ বিদ্যালয় থেকে কেউ পাশ করেননি। যে সকল মাদ্রাসার পাশের হার শুন্য সে গুলো হচ্ছে ছাতুয়া দাখিল মাদ্রাসা, অনন্তরামপুর দাখিল মাদ্রাসা, কুমরসহি দাখিল মাদ্রাসা, পত্নীচড়া দাখিল মাদ্রাসা, মদনখালী দাখিল মাদ্রাসা, বড় আলমপুর আবুল হোসেন দাখিল মাদ্রাসা, ছোট উজিরপুর দাখিল মাদ্রাসা, গন্ধর্বপুর দাখিল মাদ্রাসা, খেদমতপুর বালিকা দাখিল মাদ্রাসা ও জুনিদপুর দাখিল মাদ্রাসা। এ ছাড়া শূন্য পাসের তালিকায় রয়েছে কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ঘাষিপুর উচ্চ বিদ্যালয়।
ঘাষিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান , আমার প্রতিষ্ঠান গত দুই বছর আগে এই প্রতিষ্ঠান পাঠদানের অনুমতি পেয়েছে। এ বছর ১৮ জন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৫ জন, এরমধ্যে একজনও কৃতকার্য হয়নি। এছাড়াও এই প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক মাত্র ৪ জন। এখনও বাকী শিক্ষকরা এমপিওভুক্ত হয়নি। আগামী দিনে ফলাফল ভাল করার আশাবাদ ব্যক্ত করেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, প্রতিষ্ঠান প্রধানদের কারন দর্শনোর নোটিশ প্রদাণ করা হবে, পাশাপাশি যে সকল প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয় হয়েছে তাদের পড়াশোনার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।