
বগুড়া করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজছাত্র মুহিব হাসান শ্রাবণের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উদ্ধারকারী দল করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মুহিব হাসান শ্রাবণ বগুড়া সদর উপজেলার ইছাইদহ এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামুন প্রামানিকের ছেলে। তিনি জয়নুল আবেদীন কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত সোমবার (১০ আগস্ট) দুপুরে বন্ধুদের সাথে ফুটবল খেলার পর করতোয়া নদীতে গোসল করতে নেমে নদীর পানিতে নিখোঁজ হন।
বগুড়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান সিরাজ জানান, সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তবে আলোর স্বল্পতার কারণে লাশ উদ্ধার সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার সকালে পুনঃরায় অভিযান চালিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।