
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। গত সোমবার গভীর রাতে শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়। এর একটি ভিডিও ক্লিপ গতকাল মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে একজন পুরুষকে বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,। ষড়যন্ত্র করে জঙ্গিবাদীরা আমার নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে। আমরা এই জুলাই মানি না, কখনও মানব না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা যে ঘটবে, তা আগেই তারা জানতে পেরেছিলেন। বিয়টি তারা পুলিশকেও জানিয়েছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।