
ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পৌরসভা। গত সোমবার শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও এলাকায় এ অভিযান চালানো হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের মোড় থেকে থানা রোড হয়ে আড়ংয়ের মোড় পর্যন্ত এবং থানার মোড় থেকে ময়রা পট্টি হয়ে বেইলি ব্রিজের গোড়া দিয়ে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল সরিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পৌরসভা কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাটসহ নানা ধরনের অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে পথচারীদেরও চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। নিয়মিত উচ্ছেদ অভিযান ও কার্যকর নজরদারির মাধ্যমে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন তারা।
এদিকে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে পৌরসভার কার্যক্রমে নতুন গতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শহরের দীর্ঘদিনের অপরিকল্পিত ব্যবস্থাপনা, ফুটপাত দখল ও যানজট নিরসনে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এর সুফল নগরবাসী পাবেন বলে প্রত্যাশা তাদের। নগরবাসীর মতে, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। উচ্ছেদের পর একই স্থানে যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি ও নজরদারি প্রয়োজন। পাশাপাশি সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার ক্ষেত্রে পৌরসভার ধারাবাহিক কার্যক্রমও জরুরি। সচেতন মহলের প্রত্যাশা, পৌরসভার কার্যকর উদ্যোগ ও ধারাবাহিক নজরদারির মাধ্যমে ফরিদপুর শহরের যানজট কমানোর পাশাপাশি সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হবে। এতে শহরের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ হওয়ার পাশাপাশি নাগরিকদের চলাচলও স্বস্তিদায়ক হবে।