
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্ত এলাকায় ৬০০ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার এসব মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা। ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ জানান, এঘটনায় মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা করা হয়েছে।