ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকবিরোধী অভিযানে তিন পুলিশ সদস্য আহত : গ্রেপ্তার দুই

মাদকবিরোধী অভিযানে তিন পুলিশ সদস্য আহত : গ্রেপ্তার দুই

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় জসিম (২৪) নামে এক মাদক কারবারি উরুতে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) মো. রফিক, এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। পরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গুলিবিদ্ধ জসিম ও তার এক সহযোগী মোহনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার জসিম ফতুল্লা থানার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে ও মোহন একই এলাকার আব্দুস সালামের ছেলে। সন্ত্রাস ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে মাদক কারবারিদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে এ ঘটনা ঘটে। জানাগেছে, পুলিশ অভিযান চালিয়ে জসিম, মোহনসহ ৭-৮ জনকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার আট রাউন্ড গুলি ছোড়েন। এতে একটি গুলি জসিমের উরুতে লাগে। এ সময় মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্যও আহত হন। পরে আহত ৩ পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারি জসিম গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত