
নীলফামারীর ডিমলায় সেচ খালে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকরা গ্রামের সেচখালে (ক্যানেলে) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলেন-নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকরা গ্রামের আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১১) ও একই ইউনিয়নের নিজ পাড়া (সোনামনির ডাঙ্গা) গ্রামের সেলিমের মেয়ে মিনহা আক্তার (৪)। পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা যায়, ঘটনার সময় তারা দুজনে সেচ খালে গোসল করতে যায়।
এ সময় সেচখালের পানিতে মিনহা ডুবে গেলে তার খালা পাখি আক্তার তাকে উদ্ধার করতে পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়। তাদের চিৎকার পথচারী এক ব্যক্তি দেখতে পেয়ে সেও চিৎকার করলে আশ-পাশের ব্যক্তিরা ছুটে এসে তাদের উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ওসি শওকত আলী সরকার এ তথ্য জানিয়েছেন।