
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই উপজেলায় দুই পক্ষের পাল্টাপাল্টি ইউনিয়ন ছাত্রদল কমিটি অনুমোদনের ঘটনায় এই নোটিশ জারি করা হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত নোটিশটি ১৮ আগস্ট ২০২৬ তারিখে ইস্যু করা হয়। এতে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল শাখার সভাপতি মো. আবুল বাশার মোকলেছ, সাধারণ সম্পাদক নাজমুল মুধা, সিনিয়র সহ-সভাপতি মো. রাজিব হোসেন, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাওসার ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রাকিব হোসেন ও সদস্য মো. রাকিব মিয়াকে অভিযুক্ত করা হয়। নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে হবে। জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, দলের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।