
সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রায় কৃষক আমন চাষে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছর ১৬ হাজার ১শ ১২ হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদ হচ্ছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার মেট্রিন টন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উচ্চ ফলনশীল বিআর-১০, বিআর-৪৯, বিআর-৮৭, বিআর-৬৭, বিআর-২৩, বিআর-১১ জাতের ধানের চাষাবাদ বেশি। এর পাশাপাশি উচ্চ ফলনশীল অন্যন্যা জাতের ধানের চাষাবাদ করছেন কৃষকেরা। শ্রাবণের শেষ সময়ে কৃষক ধান রোপণ শুরু করেন, বর্তমানে রোপণেই কৃষক ব্যস্ত সময় পার করছেন। উত্তর বেদকাশির কাটমারচর গ্রামের কৃষক শাহাজান আলম জানায় মধ্য শ্রাবনে তার ৫ বিঘা জমিতে বিআর-৪৯ ধান রোপণ করা হয়েছে। নিয়মিত বৃষ্টি হওয়ায় ফসলের চেহারা বেশ ভালো।
কয়রা সদরের ৫নং কয়রা গ্রামের কৃষক আব্দুল গফুর সরদার জানান ৩ বিঘা জমি বর্গা নিয়ে বিআর-১০ জাতের ধান রোপণের জন্য জমি প্রস্তত করা হয়েছে। ২/৩ দিনের মধ্যে ধান রোপণের কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগষ্ট মাসে ইউরিয়া সারের বরাদ্দের পরিমাণ ২শ ৩৮ মেট্রিক টন, এমওপি’র বরাদ্দ ৭০ মেট্রিক টন, ড্যাপ ১শ ১৬ মেট্রিক টন, টিএসপি ২শ ১৯ মেট্রিক টন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তিলক কুমার বলেন, বর্তমানে সারের কোন সংকট নেই। সরকার নির্ধারিত দামে কৃষক চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন। সুষম সার প্রয়োগ, সারের মাত্রা নির্ণয়ে খামারি এ্যাপের ব্যবহার বাড়াতে কৃষকদের মাঝে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।