
রাঙামাটিতে রুট পারমিটবিহীন পন্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ২০ আগস্ট থেকে রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রুটে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেনের কাছে পৃথকভাবে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সংগঠন দুটি জানায়, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি ১৯৫২ সাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি রুটসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় নিয়মিত যাত্রী পরিবহন সেবা দিয়ে আসছে। বর্তমানে চট্টগ্রাম-রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি, মহালছড়ি, নানিয়ারচর, বান্দরবান ও রাজস্থলীসহ বিভিন্ন রুটে তাদের গাড়ি চলাচল করছে। তবে সম্প্রতি রাঙামাটি শহরের নিউ মার্কেট এলাকা থেকে রুট পারমিটবিহীন ছোট মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠন দুটি। তাদের দাবি, মালবাহী গাড়িতে এভাবে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সংগঠন দুটি ১৯ আগস্টের মধ্যে রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছে। অন্যথায় ২০ আগস্ট থেকে চট্টগ্রাম-রাঙামাটি, রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-মহালছড়ি, রাঙামাটি-নানিয়ারচর, রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলীসহ বিভিন্ন দূরপাল্লার রুটে গাড়ি চলাচল বন্ধ রাখতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মাইক্রো সমিতির সভাপতি ইসমাইল ও সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রতিবেদক মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করেনি তবে এক কর্মকর্তা জানায়, রাজস্থলী ও বাঘাইছড়ি কোনো বাস সার্ভিস না থাকায় যাত্রীদের অনুরোধ পিকআপ সার্ভিস দিয়েছি।