
মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহকে ‘না’ বলে লাল কার্ড তুলে শপথ নিয়েছে ঠাকুরগাঁও পৌরশহরের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার করেছে তারা। গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে লাল সবুজ উন্নয়ন সংঘ।
সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এসব সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে একটি করে লাল কার্ড তুলে দেওয়া হয়। কিশোর অপরাধ, বাল্যবিবাহ, মাদক ও মোবাইল আসক্তিতে না জড়ানোর অঙ্গীকার করে শিক্ষার্থীরা লাল কার্ড উঁচিয়ে শপথ গ্রহণ করে। অনুষ্ঠানে আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন। তিনি বলেন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বক্তব্য রাখেন, এটিএন নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জহরুল হকসহ গণ্যমান্য ব্যক্তিরা। সভায় মাদকবিরোধী সচেতনতা, কিশোর অপরাধ প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ এবং মোবাইল আসক্তি নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।