
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে একজন ভারতীয় নাগরিকসহ সাতজন বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠেছে। পরে জীবননগর শহর থেকে দুই দালালসহ সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গতকাল বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা ও চাঁদপুরের নয়ন। অপরজন ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান বলে জানা গেছে। আটককৃত ব্যক্তিরা জানান, তারা ভারতের বেঙ্গালুর কাজের জন্য গিয়েছিলো। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিএএসএফ তাদেরকে আটক করে সীমান্তে নিয়ে এসে তাদের ক্যাম্পে রাখে এবং বুধবার ভোরে তাদের জীবননগর বেনীপুর সীমান্তের কাটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যান্তরে পাঠিয়ে দেন। স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দালালসহ সাতজনকে থানায় নিয়ে যায়। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন অনুপ্রবেশকারী ও দুই দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে।