ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বেইলি ব্রিজের লোহার পাটাতন অকেজো, যান চলাচল বন্ধ

বেইলি ব্রিজের লোহার পাটাতন অকেজো, যান চলাচল বন্ধ

ছোট ফেনী নদীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর ও কৃষ্ণরামপুরের মধ্যবর্তী কাটাখালি শাখা নদীর ওপর স্থাপিত বেইলি ব্রিজটির পাটাতনে মরিচাধরে অকেজো হয়ে পড়েছে। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাসহ বাসিন্দারা। জানা গেছে, একসময় স্থানটিতে বাঁশের সাঁকো থাকলেও পরে করে দেয়া হয় কাঠের ব্রিজ। সময়ের পালাবদলে জনসংখ্যা বৃদ্ধি ও প্রয়োজনের তাগিদে চাহিদা সৃষ্টি হয় একটি টেকসই ব্রিজের। তখনই উপজেলার ফাজিলেরঘাট বাজার সংলগ্ন দাগনভূঞা-সোনাগাজী দুই উপজেলার সংযোগ সেতু নির্মাণ কাজ শেষে সেখানে থাকা পুরাতন বেইলি ব্রিজটি সরিয়ে এনে মোমারিজপুর ও কৃষ্ণরামপুর এলাকার যোগাযোগের জন্য স্থাপন করা হয়। এরপর থেকে দাগনভূঞা, সোনাগাজী ও ফেনী সদরে যাতায়াতের জন্য সেতুটি স্থানীয়দের একমাত্র ভরসা হিসেবে ভূমিকা রাখে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাব, লোহার পাতে মরিচা ধরা, অতিরিক্ত গাড়ির চাপ এবং পাটাতন উঠে যাওয়ায় সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ে। কিছুদিন আগে সাময়িকভাবে মেরামত করা হলেও নষ্ট হয়ে গেছে বাকি অংশগুলো। চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশও। বর্তমানে অবস্থা এতটাই নাজুক যে, একটি মোটরসাইকেল বা বাইসাইকেল নিয়েও পার হওয়াও অসম্ভব হয়ে পড়েছে।

সেতুটি অকেজো হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। ফাজিলেরঘাট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ব্রিজ পার হয়ে তাদের স্কুলে যেতে হয়; কিন্তু বর্তমানে হেঁটে পার হতেও ভয় লাগে। এদিকে সেতু ভেঙে পড়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। মাছ বিক্রেতা শ্যামল দত্ত জানান, ভ্যান নিয়ে ব্রিজের ওপারে গিয়ে মাছ বিক্রি করতে না পারায় বেচাকেনা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

সিএনজিচালিত অটোরিকশা চালক সিরাজ জানান, আগে সরাসরি ফাজিলেরঘাট হয়ে ফেনী ও দাগনভূঞা যাওয়া গেলেও এখন মাতুভূঞা বা বেকেরবাজার হয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। ব্যবসায়ী রেজাউল হাসান জানান, পণ্য ও কৃষিপণ্য পরিবহনের গাড়ি ব্রিজ পার হতে পারছে না। ফলে বিকল্প পথে মালামাল আনতে অতিরিক্ত পরিবহন খরচ গুইতে হচ্ছে। এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম জানান, ব্রিজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত