ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষার্থীকে থাপ্পর দেওয়ায় প্রধান শিক্ষক অবরুদ্ধ

শিক্ষার্থীকে থাপ্পর দেওয়ায় প্রধান শিক্ষক অবরুদ্ধ

নীলফামারীর ডোমারে তৃতীয় শ্রেণি’র এক শিক্ষার্থীকে থাপ্পর দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব বোড়াগাড়ী কবি নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসী জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয়ের রুমে অবরুদ্ধ করে রাখেন। এর আগে সকাল ১০টার দিকে পরীক্ষা চলাকালীন সময়ে শুভ ইসলাম (৯) নামে তৃতীয় শ্রেণি’র শিক্ষার্থীকে থাপ্পর দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ এমরান হোসেন। এলাকাবাসী সুরুজ্জামান, রশিদুল ইসলাম জানান, আমরা বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি শিক্ষার্থীর দাদা শিক্ষার্থীকে নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ের মাঠে কথা কাটাকাটি করছে। আমরা সেখানে তাদের মুখেই শুনেছি এবং প্রধান শিক্ষক ভুল স্বীকার করে মাফ চেয়েছে। শিক্ষার্থীর বাবা সাজু ইসলাম শিক্ষার্থী শুভ’র বরাত দিয়ে বলেন, প্রশ্নপত্র হাতে নিয়ে প্রধান শিক্ষকের কাছে কিছু একটা জানতে চেয়েছে শুভ। এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে আমার ছেলের ঘাড়ে ও গালে থাপ্পর দেয়। শিক্ষকের আঙুলে আংটি থাকায় গালে লালচে দাগ ও গলায় ছাল উঠে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শুভ’র প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি আসি। আমি প্রধান শিক্ষকের বিচার দাবি করছি। প্রধান শিক্ষক সৈয়দ এমরান হোসেন থাপ্পর দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি সবার কাছে মাফ চেয়েছি। উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়েছি। এব্যাপারে সিনিয়র এটিও আব্দুল মান্নানকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত