
ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ছিনতাই, চুরি, যানজট ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন জনদুর্ভোগ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে রাতের বেলায় শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং জনগণকে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গতকাল বৃহস্পতিবার ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এবং ডিআইওয়ান মোশারফ হোসেন। মতবিনিময় সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, নাজিম বাকাউল, মুইজজুর রহমান রবি, বি কে শিকদার সজল, আবিদুর রহমান নিপু, আলিমুজ্জামান রনি, মনিরুল ইসলাম টিটু, শেখ সাইফুল ইসলাম অহিদ ও ইব্রাহিম হোসেন বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। বিশেষ করে মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, যানজট নিরসন এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রাতে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে পুলিশের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, অনিয়ম, দুর্নীতি ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। ফলে জনস্বার্থে সাংবাদিকতা ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন।