
নরসিংদীর বেলাবো উপজেলার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানেরচর গ্রামের একটি ভাঙা ব্রিজের কারণে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত দেওয়ানেরচর-বারৈচা সংযোগ সড়কটি দেড় বছর ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। দীর্ঘদিনেও ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজটি অচল থাকায় সড়কটিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন যান চলাচল না থাকায় সড়কের বিভিন্ন অংশে এখন ঘাস-লতাপাতা জন্মেছে। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সড়কটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
জানা যায়, চরউজিলাব ইউনিয়নের দেওয়ানেরচর গ্রামের ভেতর দিয়ে দেওয়ানেরচর ঈদগাহ মাঠ সড়ক থেকে বারৈচা-বেলাবো সড়ক পর্যন্ত ৮৮৫ মিটার সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৪ সালের শেষের দিকে এলজিইডির একটি প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজ শেষ হয়। বেলাবো উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে উপজেলার বিভিন্ন স্থানে মোট ২ হাজার ৫৭৫ মিটার সড়ক নির্মাণের একটি প্যাকেজের আওতায় দেওয়ানেরচর গ্রামের ৮৮৫ মিটার সড়ক নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৩ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র চার মাসের মাথায় দেওয়ানেরচর ঈদগাহ মাঠের পাশে থাকা পূর্বে নির্মিত ব্রিজটির মাঝ বরাবর ভেঙে যায়। এরপর থেকে ব্রিজটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দেখতে দেখতে প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও এখনও ব্রিজটি ব্যবহার উপযোগী হয়নি। ব্রিজটি ভেঙে যাওয়ায় সড়কটির একাংশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয় কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে কৃষিপণ্য ও বিভিন্ন মালামাল পরিবহনে স্থানীয়দের বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।
দেওয়ানেরচর গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক আজিজুল হক বলেন, ব্রিজটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এমনকি রিকশা, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাও চলতে পারে না। জনগণ যদি এর সুফলই না পায়, তাহলে কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের কী দাম আছে? স্থানীয় বাসিন্দা নাজমুল জানান, বিপুল অর্থ ব্যয়ে নতুন সড়ক নির্মাণের পর সেটি দীর্ঘদিন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত ব্রিজটি নির্মাণ করা হলে সড়কটি সচল হওয়ার পাশাপাশি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগও কমবে। স্থানীয় বিল্লাল মিয়া জানান, জনসাধারণের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ভাঙা ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করে সড়কটি যান চলাচলের উপযোগী করা হোক।
চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাট বলেন, ব্রিজটি অনেক পুরোনো। দেওয়ানেরচর-বারৈচা সংযোগ সড়কের মধ্যে ব্রিজটি জরুরি ভিত্তিতে মেরামত অথবা নতুন করে নির্মাণ করা উচিত।
আমি যতটুকু জানি, এলজিইডি অফিস ও পিআইও অফিস ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য চেষ্টা করছে।
পাশাপাশি আমিও ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য চেষ্টা করছি। বেলাবো উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী লোকমান হোসাইন বলেন, বিষয়টি আমরা অবগত আছি। ব্রিজটি নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি, খুব দ্রুত কাজ করতে পারব।