
গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে বৃহস্পতিবার রাতে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে ছিনতাইকারীদের ছুরির আঘাতে চালক আতাউর রহমান আতা মিয়া নিহত হয়েছেন। শোক সইতে না পেরে বাড়িতে থাকা বৃদ্ধ মা জহুরা খাতুন (৭৫) স্ট্রোক করে মারা যান। নিহত আতাউর রহমান বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো আতাউর রহমান বৃহস্পতিবার বিকালে যাত্রী পরিবহনের জন্য রিকশাটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে পরিবারের সদস্যদের সাথে তার যোগাযোগ ছিল না। রাত ৮টার পর পার্শ¦বর্তী সনমানিয়া ইউনিয়নের মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে শিমুলতলী সড়কে একটি লাশ পড়ে আছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা তাকে শনাক্ত করেন।
এ সময় বাড়িতে থাকা তার বৃদ্ধ মা জহুরা খাতুন ছেলের নির্মম হত্যাকান্ডের খবর পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে মারা যান। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিবিআই গাজীপুরের নেতৃত্বে অভিযান চালিয়ে রাতেই এ ঘটনার মূলহোতা রাকিবুল হাসান নাঈমসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।