
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিশিয়াল পরিচয় ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের ফোন করে তথ্যের পাশাপাশি আর্থিক সুবিধা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে চক্রটি। বিষয়টি নিয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সাটুরিয়া উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার প্রতারক চক্রের এই অপতৎপরতার বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রাতে সাটুরিয়া ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ইউএনওর পরিচয়ে ফোন করে সাটুরিয়া বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর চায় প্রতারক চক্ররের এক সদস্য। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রশাসনের নজরে আনা হয়। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, সাটুরিয়া উপজেলা প্রশাসন এ ধরনের কোনো নীতিবিবর্জিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানান। ?তিনি আরও স্পষ্ট করেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার একমাত্র অফিশিয়াল মোবাইল নম্বর নম্বর ব্যতীত তিনি বা তার দপ্তর থেকে অন্য কোনো নম্বর ব্যবহার করা হয় না। প্রতারক চক্রের কোনো কল পেলে কোনো ধরনের ব্যক্তিগত বা দাপ্তরিক তথ্য প্রদান না করা এবং সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন কোনো ফোন এলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থা অথবা উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।