
শিশু শিক্ষার্থীদের পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গাছের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে শরীয়তপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা সদরের সোনামনি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. রুহুল আমীন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোসা. জাহানারা খানম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হামিদুল হক ও বিদ্যালয়ের উপদেষ্টা সাইদ মাহমুদ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা তৈরি করতে হবে। একটি শিশু যদি একটি গাছের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে সেই শিশুই পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রুহুল আমীন মুন্সী বলেন, শিশুদের হাতে ফলদ গাছের চারা তুলে দেওয়ার উদ্দেশ্য শুধু চারা বিতরণ নয়, তাদের মধ্যে গাছের প্রতি মমত্ববোধ তৈরি করা। সে কারণে শিশুদের মধ্যে পরিবেশ বিষয়ক বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাতে করে শিক্ষার্থীরা গাছ লাগানো, রোপণ ও পরিচর্যা করে আগামীর সবুজ বাংলাদেশ গড়তে ভুমিকা রাখতে পারে। জলবায়ুর বিরূপ প্রভাবের বিপদাপন্নতাকে মোকাবেলা করে পরিবেশকে মানব সভ্যতার সহায়ক হিসেবে গড়ে তুলতে হলে শিশুদের হাত ধরেই করতে হবে।