
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মংলারমুখ থেকে ত্রিপুরা পাড়া পর্যন্ত প্রায় ৩ কি.মি সড়ক সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। স্বাধীনতার ৫৬ বছর অতিবাহিত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ধোপাছড়িতে। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। ধোপাছড়ি বাজার থেকে শান্তিরহাট হয়ে মংলারমুখণ্ডতেতুইতল হয়ে ত্রিপুরা পাড়া পর্যন্ত ৬ কি.মি সড়কের মধ্যে প্রায় ৩ কি.মি সড়ক এখনো কাঁচা। ফলে বৃষ্টির দিনে এই সড়ক দিয়ে চলাচল করা এলাকার বাসীর জন্য খুবই কষ্টসাধ্য বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ধোপাছড়ি বাজার থেকে শান্তিরহাট বাজার হয়ে মংলারমুখ পর্যন্ত দীর্ঘদিন পূর্বে ব্রিক সলিন করা হলেও সংস্কার করা হয়নি। তাছাড়া মংলারমুখ থেকে ত্রিপুরা পাড়া পর্যন্ত এই সড়কটির মাঝখানে তেতুলতল পর্যন্ত ১ কি.মি সড়ক ব্রিক সলিন করা হয়। বাকি প্রায় ৩ কি.মি সড়ক দীর্ঘদিন ধরে কোন রকম সংস্কার না করার কারণে এই এলাকার মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। নির্বাচন এলে বিভিন্ন রকম উন্নয়নের প্রলোভন দিয়ে যায়। নির্বাচন হয়ে গেলে আর কারো দেখা মিলে না, উন্নয়নও হয় না। প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতির জায়গায় থেকে যায়। বর্ষা মৌসুম এলে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাঁদায় পরিণত হয়ে চলাচল ব্যাহত হয়। কোনো রোগী বা বয়স্ক লোকজনদের ধোপাছড়ি বাজারে আসতে হলে তাদেরকে ভার বানিয়ে কাঁধে করে নিয়ে আসতে হয়। এলাকায় প্রভাবশালী কোনো লোক না থাকার পাশাপাশি দীর্ঘ ২ বছরের অধিক সময় জনপ্রতিনিধি না থাকায় সড়কটি সংস্কারের জন্য কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্থানীয়রা সড়কটি সংস্কারের মাধ্যমে এলাকাবাসীর দুঃখ দূর করার জন্য স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ ও সংশ্লিষ্টদেও সু-দৃষ্টি কামনা করেছেন।