ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন পানি ঢুকছে লোকালয়ে

খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন পানি ঢুকছে লোকালয়ে

হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙন দেড় মাসেও পুরোপুরি মেরামত হয়নি। এরই মধ্যে উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মেরামত করা অংশে ফের ভাঙন দেখা দিয়েছে।

ভাঙনস্থল দিয়ে প্রবল স্রোতে পানি ঢুকছে লোকালয়ে। এতে আশপাশের গ্রামের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতকাল রোববার সকাল পৌনে ১১টার দিকে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ মেরামতের স্থানে আবারও ভাঙন শুরু হয়। এর আগে শনিবার রাতে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। একপর্যায়ে ভাঙনস্থলের মেরামত করা অংশ দুর্বল হয়ে পড়ে এবং সেখান দিয়ে পানি প্রবেশ শুরু করে।

স্থানীয়রা জানান, নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় ভাঙনস্থল দিয়ে প্রবল স্রোতে পানি লোকালয়ের দিকে ছুটে আসছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। দ্রুত বাঁধ মেরামত করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এর আগে গত ৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের একটি অংশ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে এবং অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। ঘরবাড়িতে পানি প্রবেশের পাশাপাশি রাস্তাঘাট, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। তবে দেড় মাসের কাছাকাছি সময় পেরিয়ে গেলেও কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ভাঙনস্থলটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে যায়। এর মধ্যেই নতুন করে উজানের ঢল নামায় মেরামত করা অংশে আবারও ভাঙন দেখা দিয়েছে।

এদিকে খোয়াই নদীতে পানি যেভাবে বাড়ছে, তাতে নতুন করে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা বলছেন, গতবারের বন্যার ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে ওঠার আগেই আবারও পানি ঢুকতে শুরু করায় তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। রাতের ভারী বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কা করছেন তারা।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কালীগঞ্জে বাঁধের মেরামত করা অংশে আবারও ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে মাটি ফেলে বাঁধ রক্ষার চেষ্টা না করে দ্রুত টেকসইভাবে ভাঙনস্থল মেরামত করতে হবে। পাশাপাশি নদীর পানি বৃদ্ধি ও ভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় খোয়াই নদীর পানি আরও বাড়লে ব্যাপক এলাকা প্লাবিত হয়ে নতুন করে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত