
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাদ ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ওই এলাকার সাইদুল্লাহ মাঝি বাড়ির হারিছ উদ্দিনের নতুন ভবনে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করছিল রাহাদ। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমলনগর থানার ওসি ফরিদুল আলম এ তথ্য জানান।