
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে স্থানীয়দের সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গতকাল রোববার সকাল থেকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ প্রচার কার্যক্রম চালানো হয়। মাইকিংয়ে স্থানীয় বাসিন্দাদের বলা হয়, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহজনক কোনো ব্যক্তি, দল কিংবা কর্মকাণ্ড চোখে পড়লে নিজেরা কোনো ব্যবস্থা না নিয়ে দ্রুত নিকটস্থ বিজিবির বর্ডার অবজারভেশন পোস্ট-বিওপিতে খবর দিতে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, পুশইনের শিকার হয়ে কোনো ব্যক্তি সীমান্ত এলাকায় প্রবেশ করলে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা এবং সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়েও চুয়াডাঙ্গা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করার ঘটনা ঘটেছে।