ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাগের ভেতর নবজাতক

ব্যাগের ভেতর নবজাতক

বরগুনার বামনায় প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। উদ্ধারের সময় শিশুটির নাড়ি কাটা হয়নি এবং শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া জড়ানো ছিল। গত সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বামনা উপজেলার সোনাখালী গ্রামের ফায়ার সার্ভিস ইউনিটের সামনে ফজলুর দোকানের পেছনে নারিকেলগাছের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয় দোকানদার বাবুল ব্যাগের ভেতর শিশুর কান্নার শব্দ শুনে বিষয়টি তারিফ হাওলাদারকে জানান। পরে তারিফসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটির নাড়ি কেটে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং তারিফ হাওলাদারের হেফাজতে আছে। তারিফ হাওলাদার বলেন, শিশুটিকে এমন অবস্থায় দেখে তিনি খুবই কষ্ট পেয়েছেন। তিনি শিশুটিকে নিজের বোনের মতো স্নেহ-মমতায় মানুষ করতে চান। শিশুটিকে কে বা কারা ব্যাগে ভরে সেখানে রেখে গেছে, তা জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিচয় ও জন্মদাতা মা-বাবার সন্ধান এবং তার নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত