
রাজবাড়ীর বাজারে গত দুই দিনে সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে।
অতিবৃষ্টি ও নিচু এলাকার সবজি খেতে জলাবদ্ধতার কারণে গত দুই সপ্তাহ ধরে সবজির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বর্তমানে অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে।
গত বুধবার রাজবাড়ীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, করলা, উচ্ছে, বরবটি, বেগুন, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙা, কচুরমুখী ও ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব সবজি দুই দিন আগেও ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এ ছাড়া ধুন্দল ও পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউয়ের দামও কিছুটা কমেছে। আকারভেদে প্রতি পিস লাউ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, কয়েক দিনের তুলনায় সবজির দাম কমলেও তা এখনও অনেক বেশি।
অধিকাংশ সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় স্বল্প আয়ের মানুষের জন্য তা কেনা কঠিন হয়ে পড়েছে।
বাজারদর কমায় কিছুটা স্বস্তি ফিরলেও তাদের দাবি, সবজির দাম আরও কমানো প্রয়োজন।
ব্যবসায়ীরা জানান, কয়েক দিন ধরে স্থানীয় সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছিল। তবে গত দুই দিন ধরে বাজারে সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনে সবজির দাম আরও কমতে পারে বলে আশা করছেন তারা।