
আশুলিয়ায় পাঁচ বছর বয়সী শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গত বুধবার আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়ার একটি ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় ৫ বছরের শিশু তাসিনের লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় শিশুটির বাবা শহীদ মিয়া আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী সাইফুল ইসলামের রুমে তল্লাশি চালিয়ে আলামত হিসেবে একটি লাল শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক ও ছড়িয়ে থাকা চাল উদ্ধার করা হয়।
পরে সাইফুলকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল শিশু তাসিনকে হত্যার কথা স্বীকার করেন, মুলত নিহত তাসিনের বাবার সঙ্গে আসামীর দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও স্বীকার করেছে আসামি। পরে আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলেও জানান পুলিশ। এসময় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান ও আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।