
টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আখি (২২) ও তাঁর কোলে থাকা এক বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান আখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী। তিনি তার এক বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বাসাইলের আদাবাড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশ্যে রওনা হন আখি। সিএনজিটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করে।
দুর্ঘটনার বিষয়ে সখীপুর থানা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।