ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রশাসনের ইতিবাচক আশ্বাস ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতের একাধিক সিদ্ধান্তের পর চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি যৌথ সভা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হওয়ার ঘোষণা এলে স্বস্তি ফেরে সাধারণ যাত্রীদের মধ্যে। ঘটনাসূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া পাঁচটি প্রধান রুটে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। ফলে গতকাল শনিবার সকাল থেকেই জেলাজুড়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন হাজারও সাধারণ ও দূরপাল্লার যাত্রী। যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় এনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দ্রুত উদ্যোগ নেন এবং প্রশাসন, বাস মালিক-শ্রমিক এবং ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। দীর্ঘ বৈঠকে সড়কের শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু কঠোর ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ইজিবাইকের বিশৃঙ্খলা রোধে উপজেলাভিত্তিক আলাদা রঙ নির্ধারণের সিদ্ধান্ত অন্যতম। নতুন নিয়ম অনুযায়ী, চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় কমলা, সদর উপজেলায় নীল, আলমডাঙ্গায় সবুজ, দামুড়হুদায় খয়েরি এবং জীবননগর উপজেলায় হলুদ রঙের ইজিবাইক চলাচল করবে। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এক উপজেলার ইজিবাইক অন্য উপজেলায় কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। আগামী এক সপ্তাহের মধ্যে নির্ধারিত রঙে ইজিবাইক না রাঙালে এবং নিয়ম অমান্য করলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার জানান, পরিবহন শ্রমিকদের সার্বিক নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়ার পাশাপাশি সড়কে ইজিবাইকের মাধ্যমে তৈরি হওয়া বিশৃঙ্খলা দূর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে শ্রমিক সংগঠনগুলো তাদের বাস ধর্মঘট তুলে নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত