ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠার কারণে রিয়াদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল হোসেন পলাতক। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ চররুহিতা এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রিয়াদকে রুবেল সুপারি গাছে উঠতে বলে। কিন্তু রিয়াদ উঠবে না বলে জানিয়ে দেয়। এতে রুবেল ক্ষিপ্ত হয়ে রিয়াদকে ছুরিকাঘাত করে।

পরে আহত অবস্থায় রিয়াদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ। এদিকে ঘটনার পরপরই রুবেল পালিয়ে যায়।

চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, সুপারি গাছে না ওঠায় রিয়াদকে ছুরিকাঘাত করে রুবেল। এতে রিয়াদ মারা যায়। ঘাতক রুবেল পলাতক, তাকে আটকের জন্য আমরা খুঁজছি। সে মাদক সেবনের সঙ্গে জড়িত।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত