
গাজীপুরের কাপাসিয়ায় গরুর ঘাস কাটার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মাহমুদুল হাসান নিলয় সরকার (২৪)। তিনি কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর দক্ষিণপাড়া এলাকার মনিরুজ্জামান সরকারের ছেলে। অভিযুক্ত রাসেল সরকার (৩৫) একই এলাকার ইসমাইল সরকারের পুত্র। ঘটনার পর থেকে রাসেল সরকার পলাতক রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে গরুর ঘাস কাটা নিয়ে নিলয়ের সঙ্গে তার চাচাতো ভাই রাসেলের কথা কাটাকাটি হয়। পরিবারের লোকজন এসে বিবাদ মিটিয়ে দেয়। কিছুক্ষণ পর নিলয় মোটরসাইকেল যোগে পাশের বলখেলা বাজারে যান। বাজার থেকে ফেরার পথে রাসেল সরকারের বাড়ির সামনে এলে ওত পেতে থাকে ঘাতক রাসেল ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই নিলয় কে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় অতর্কিত কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. যোবায়ের জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসেছে। অভিযুক্ত রাসেল পোলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের তৎপরতা চলছে। তুচ্ছ ঘটনায় এমন হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা প্রক্রিয়াধীন।