
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মুহাম্মদ শামীম কায়সার লিংকন ব্যক্তিগত আগ্রহে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেন|
গত শনিবার বিকালে প্রতিমন্ত্রী জামিয়ার ক্যাম্পাসে প্রবেশ করলে তাকে স্বাগত জানান দারুল উলুম হাটহাজারীর উস্তাদ মাওলানা আনওয়ার শাহ আযহারী, মাওলানা মুনির আহমদ, মাওলানা শফিউল আলম ও মুহাম্মদ জাহিদ হোসেন|
পরে তিনি জামিয়ার মহাপরিচালকের কার্যালয়ে যান এবং মহাপরিচালকসহ জামিয়ার ঊর্ধ্বতন উস্তাদ ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন|
এ সময় তাকে দারুল উলূম হাটহাজারীর বহুমুখী দাওয়াহ কার্যক্রম, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আবাসিক ব্যবস্থাপনা, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে খোরাকী এবং একাডেমিক কিতাবপত্র সরবরাহসহ জামিয়ার বিভিন্ন দ্বীনি ও মানবিক খেদমত সম্পর্কে অবহিত করা হয়| প্রতি বছর জামিয়া থেকে প্রায় সাড়ে তিন হাজার আলেম ফারেগ হন- এ তথ্যও তাকে জানানো হয়|
জামিয়ার এসব কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে প্রতিমন্ত্রী অভিভূত হন|
ধর্ম প্রতিমন্ত্রী মুহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, এশিয়া মহাদেশের মুসলমানদের বৃহৎ অংশই হানাফী মাযহাবের অনুসারী| তিনি জানান, তার দাদার পরিবার হানাফী মাযহাবের অনুসারী ছিলেন এবং নানার পরিবার আহলে হাদীস অনুসরণ করতেন| তিনি আরও বলেন, বাংলাদেশের দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার এবং দাওয়াহ কার্যক্রমে কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার গৌরবময় ভূমিকার প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে| তিনি বলেন, আপনাদের যেকোনো খেদমত ও সহযোগিতায় আমাকে পাশে পাবেন| এ সময় উপস্থিত ছিলেন- জামিয়ার মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.), শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন হযরত আল্লামা শেখ আহমদ (দা.বা.), শায়খে সানী হযরত আল্লামা শোয়াইব জমিরী (দা.বা.), মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), আল্লামা মুহাম্মদ ওমর কাসেমী (দা.বা.), আল্লামা আহমদ দীদার কাসেমী (দা.বা.), আল্লামা আশরাফ আলী নিজামপুরী (দা.বা.) প্রমুখ|