
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া (৫৫) খুন হয়েছেন| ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে ওই উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে|
জানা যায়, গতকাল রোববার সকালে ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়া নিজের ঘরে ভাত খেতে বসেন| এসময় মাদকাসক্ত ছেলে মোস্তফা ভূইয়া (২০) বাবার কাছে টাকা দাবি করে| টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন এবং এক পর্যায়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় জোরে আঘাত করেন| এতে বাবা আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান|
স্থানীয়রা জানায়, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত| তিনি কিছুদিন আগে বিয়ে করেছেন| বিয়ের পর থেকে স্ত্রীকে অমানষিক নির্যাতন করছিলেন| নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন|
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফা একজন মানষিক ভারসম্যহীন| মাঝেমধ্যেই বাড়িতে পাগলামী করে| স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুস জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত| টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে এ ঘটনাটি ঘটেছে|
নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম জানান, হত্যার পর ছেলে মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন| তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে| লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| এঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ভাইকে আসামি করে থানায় মামলা করেছেন|