ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এক বছর ধরে বিচারকশূন্য সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

এক বছর ধরে বিচারকশূন্য সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

দীর্ঘ এক বছর ধরে বিচারক শূন্য অবস্থায় রয়েছে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল| এতে করে চরম দুর্ভোগে পড়েছেন শত শত বিচারপ্রার্থী| ট্রাইব্যুনালটিতে বর্তমানে সাড়ে চার হাজার মামলা বিচারাধীন থাকায় সৃষ্টি হয়েছে তীব্র মামলাজট| দ্রুত সময়ে নতুন বিচারক পদায়নের দাবি জানিয়েছেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা|

এদিকে, মামলার জট নিরসন ও দ্রুত বিচারক পদায়নের লক্ষ্যে (২৩ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর লিখিত আবেদন জানিয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নেতারা|

তবে আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের জন্য বিচারক পদায়নের বিষয়টি নিয়ে এরইমধ্যে আইন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় প্রস্তাব ও সুপারিশ প্রেরণ করা হয়েছে|

বিষয়টি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে| আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সংবেদনশীল মামলা গুলোর দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ| কিন্তু দীর্ঘ এক বছর ধরে বিচারকের পদ খালি থাকায় সাড়ে চার হাজারেরও বেশি মামলা জটে আটকে আছে বিচার কার্যক্রম| বিচারপ্রার্থীরা কবিতা, মুক্ত সরকার বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে গত ১ বছর বিচারক নেই|

তারা আদালতের চত্বরে বিচারের আশায় এসে প্রতিনিয়ত খালি হাতে ফিরে যাচ্ছেন ভুক্তভোগী নারী, শিশু ও তাঁদের পরিবার| তারা আরও বলেন, দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রার্থীরা যেমন মারাত্মক মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে ন্যায়বিচার|

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, নারী ও শিশুদের ওপর নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি অত্যন্ত জরুরি| আদালতের অচলাবস্থা দূর করতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিচারক পদায়নের জন্য আবেদন করা হয়েছে বলে জানানো হয়| সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি শেখ আলমগীর আশরাফ বলেন, মানবিক দিক বিবেচনা করে এবং বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে দ্রুত একজন যোগ্য বিচারক পদায়ন করা অত্যন্ত প্রয়োজনীয়| তিনি আরও বলেন, সংবেদনশীল এসব মামলার সঠিক বিচার নিশ্চিত ও মানবিক কারণে দ্রুত এখানে বিচারক দেওয়া দরকার|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত