
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে কক্সবাজার জেলার সাংবাদিকদের জন্য এআই, ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে| গতকাল রোববার কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন| উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী| বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি| স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর| কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন| প্রশিক্ষণে এআইয়ের ব্যবহার, তথ্য যাচাই ও ফ্যাক্ট-চেকিং কৌশল, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হবে|
বক্তব্য, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও মক সেশনের মাধ্যমে কর্মশালাটি পরিচালিত হবে| আয়োজকরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং এআই ও ফ্যাক্ট-চেকিং ব্যবহার করে আরও নির্ভুল ও মানসম্মত প্রতিবেদন তৈরিতে সহায়ক হবে|