ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

গাইবান্ধায় আ.লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় আ.লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়ে পোড়ানোর মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা আ.লীগের সহ সভাপতি রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে শহরের ভিএইড রোড থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার রনজিত বকশি সূর্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা আ.লীগের সহ সভাপতি ও শহরের মাস্টার পাড়ার মৃত রবিন্দ্র বকশি ছেলে। এ ছাড়া তিনি ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ছিলেন।

এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট আ.লীগের ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই অনুমান বিকেল ৪টার দিকে অভিযুক্তরা হাতে লাঠি, লোহার রড, কুড়াল, শাবল, বড় বড় ধারালো ছুড়ি, বেকি, ককটেল ও পেট্রোলসহ মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মিছিল নিয়ে সার্কুলার রোডস্থ জেলা বিএনপি অফিসের সামনে আসেন। এ সময় আসামিরা জেলা বিএনপির অফিসের দক্ষিণ কোণে অবস্থিত জেলা যুবদলের অফিসে ভাঙচুর চালান।

এজাহারে বলা হয়, ওই সময়ে এজাহারের ৮২ নম্বর আসামি শাহ শিল্পু যুবদল অফিস আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার হুকুম দিলে, হুকুম পাওয়া মাত্রই আসামিরা যুবদল অফিসে ককটেল নিক্ষেপ করে প্রচণ্ড বিস্ফোরণ ঘটান।

এ সময় যুবদল অফিসের ভেতরে বসে থাকা কয়েকজন নেতাকর্মী আতঙ্কিত হয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন। এ ছাড়া, তারা যুবদলের অফিসের ভেতরে থাকা ৫০টি চেয়ার ও টেবিল ভাঙচুর করে পেট্রোল ভর্তি জেরিকেন থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। আসামিরা যুবদলের অফিস থেকে ব্যানার, ফেস্টুন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি রাস্তায় এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তারা যুবদল অফিসের দরজা, জানালা ও সামনের বারান্দার রেলিং শাবল ও হাতুরি দিয়ে ভাঙচুর করেন। গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা বলেন, ২০২৪ সালের ১৮ আগস্টের বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের একটি মামলায় রনজিত বকশি সূর্যকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত