
নানা আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠাতা, মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ ২০ বছরের অগ্রযাত্রা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে উপজেলার ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, একটি প্রশাসনিক উপজেলা হিসেবে ধনবাড়ীর যাত্রা শুরু হওয়ার পর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, প্রশাসনিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পরিবর্তন এসেছে। ভবিষ্যতে ধনবাড়ীকে আরও আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে ধনবাড়ীর উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। একই সঙ্গে উপজেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারাও ধনবাড়ীর ২০ বছরের অর্জন, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে ধনবাড়ীর উন্নয়ন ও মানুষের জীবনমান আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।