ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পুলিশকে ধাক্কা দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

পুলিশকে ধাক্কা দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় হাজতের বারান্দায় পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া সেই আসামি আব্দুল মমিন ওরফে বড় গ্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে। সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে আব্দুল মমিনকে হাজতে নেওয়া হয়। এ সময় এক পুলিশ সদস্য অন্য আসামির হাতে হ্যান্ডকাফ পরানোর কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে দোতলা থেকে লাফিয়ে পালিয়ে যায় বড় গ্যাদা। পরে গোপন সংবাদের ভিত্তিতে এবং ডিজিটাল তথ্যপ্রযুক্তির মাধ্যমে গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আব্দুল মমিনের বিরুদ্ধে একটি হত্যা, চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই হাজতখানায় কর্তব্যরত দুই এসআইসহ ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে কোর্ট ইন্সপেক্টর রওশন ইয়াজদানি নিশ্চিত করেছেন। তবে ওই আসামি গ্রেপ্তার হওয়ায় প্রত্যাহার করা পুলিশ সদস্যদের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত