ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

সাতক্ষীরায় একদিনে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে, জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে প্রেরিত ডেঙ্গু রোগী প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরায় মোট ২০১ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ১৫৪ জন রোগী। এসময় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে আরো ৩ রোগীকে। তবে, জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদরের হাসপাতাল ভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন। এছাড়া কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত সর্বাধিক ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া সদর হাসপাতালে ২৫ জন এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। ডা. জয়ন্ত কুমার সরকার আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো খুবই জরুরি। বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। এছাড়া বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। এছাড়া, জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসাসেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত