
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুত রাখা ৫৭ বস্তা সার জব্দ করে কৃষকদের মধ্যে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঠানপাড়া বাজার এলাকার মো. আবু হাসানের কীটনাশক দোকানের অপর পাশে চটের বস্তা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ৫৭ বস্তা সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে তাকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় অবৈধভাবে মজুত রাখা ৪৯ বস্তা টিএসপি, ৫ বস্তা এমওপি এবং ৩ বস্তা ইউরিয়া সারসহ মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে মোট ৭৫ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন। ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, আদায়কৃত জরিমানার অর্থ এবং জব্দ সার বিক্রির অর্থ পরবর্তী কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি আরও জানান, কৃষকের স্বার্থ রক্ষা এবং সারসহ কৃষি উপকরণের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।