
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)-এর সদস্যদের পেশাগত মানোন্নয়ন, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সার্বিক প্রস্তুতি সুদৃঢ় করতে গতকাল রোববার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। আরপিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশগ্রহণ করেন। সহকারী পুলিশ কমিশনার জোবায়ের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা পুলিশ কমিশনার মহোদয়কে আনুষ্ঠানিক সালামি প্রদান করেন।
পুলিশ কমিশনার প্যারেডের কুচকাওয়াজ, সদস্যদের পোশাক-পরিচ্ছদ, শৃঙ্খলা এবং সার্বিক টার্নআউট পরিদর্শন করেন। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভালো টার্নআউটের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে তিনি সারিবদ্ধভাবে রাখা আরপিএমপির যানবাহনসমূহ পরিদর্শন করে সেগুলোর রক্ষণাবেক্ষণ ও কার্যক্ষমতার বিষয়ে খোঁজখবর নেন।
পরে উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, নিয়মিত পিটি ও প্যারেড শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ এবং পেশাগত শৃঙ্খলা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আচরণ, সেবার মান এবং পেশাগত দায়িত্ববোধই পুলিশের প্রতি জনআস্থা গড়ে তোলার মূল ভিত্তি। তাই ধৈর্য, সহনশীলতা, সৌজন্যবোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে মানবিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মাস্টার প্যারেডে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ, এ ছাড়া বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।